বিশেষ উদ্যোগে সাত জীবন বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ গ্রাহককে ১৪ কোটি ৫১ লাখ টাকার দাবি পরিশোধ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। পলিসিধারীদের বীমা দাবি দ্রুত নিষ্পত্তি এবং বীমা খাতে গ্রাহকদের আস্থা পুনর্গঠনের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে আইডিআরএ ।
বৃহস্পতিবার রাজধানীর দিলকুশা আইডিআরএর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইডিআর-এর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন ৭টি জীবন বীমা কোম্পানির পলিসিধারীদের মধ্যে বীমা দাবির চেক হস্তান্তর করেছেন।
আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, “পলিসিধারীদের ন্যায্য দাবি সময়মতো পরিশোধ নিশ্চিত করা আইডিআরএর অন্যতম প্রধান অগ্রাধিকার। বীমা খাতে জনগণের আস্থা পুনর্গঠনে দাবি নিষ্পত্তির গতি ও স্বচ্ছতা আরও বাড়াতে হবে। পলিসিধারীর স্বার্থ সুরক্ষায় আইডিআরএ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।”
আইডিআরএ মনে করে, পলিসিধারীদের বীমা দাবি পরিশোধের মাধ্যমে তাদের আর্থিক অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি বীমা খাতের প্রতি জনগণের আস্থাও বৃদ্ধি পাবে।
আইডিআরএর তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে মোট ৯৪টি চেকের মাধ্যমে ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে। এরমধ্যে যেসব কোম্পানির পলিসিধারীদের চেক বিতরণ করা হয়েছে সেগুলোর মধ্যে বায়রা লাইফ, ফারইস্ট ইসলামী লাইফ, গোল্ডেন লাইফ, হোমল্যান্ড লাইফ, পদ্মা ইসলামী লাইফ, প্রগ্রেসিভ লাইফ এবং সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এর মধ্যে বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৮ জন গ্রাহককে ৪ লাখ ৫১ হাজার ৮২৬ টাকা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৫২৮ জন গ্রাহককে ৫ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৩৬৯ টাকা, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৪ জন গ্রাহককে ২ লাখ ৫১ হাজার ৪৭৬ টাকা, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১৫ জন গ্রাহককে ১০ লাখ ৬৬ হাজার ১৯১ টাকা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৬২৪ জন গ্রাহককে ১ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার ৮৫৩ টাকা, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১ হাজার ৩৫০ জন গ্রাহককে ৬ কোটি ৯০ লাখ ৩২ হাজার ১৬৫ টাকা ৫৮ পয়সা এবং সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০ জন গ্রাহককে ৫ লাখ ২১ হাজার ২৬৬ টাকা প্রদান করে। সব মিলিয়ে ৭টি জীবন বীমা কোম্পানির মাধ্যমে ৯৪টি চেকের বিপরীতে ২ হাজার ৫৪৯ জন গ্রাহককে মোট ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা বীমা দাবি পরিশোধ করা হয়েছে।






