ডেস্ক রিপোর্ট : জাতীয় দৈনিক দেশ রূপান্তর-এর সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক, কবি ও বহুমাত্রিক লেখক মুস্তাফিজ শফি। ১ ফেব্রুয়ারি (রবিবার) রাজধানীর বাংলামটরে পত্রিকাটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
দীর্ঘ ও বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনে মুস্তাফিজ শফি পেশাদারিত্ব, প্রজ্ঞা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখে দেশের গণমাধ্যম অঙ্গনে একজন গুরুত্বপূর্ণ সম্পাদক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দেশের শীর্ষস্থানীয় একাধিক জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দক্ষতা ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন।
তিনি প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। পাশাপাশি দৈনিক কালের কণ্ঠ-এর প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক, দৈনিক সমকাল-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দৈনিক আমার দেশ পত্রিকায় বিশেষ প্রতিনিধি ও যুগ্ম বার্তা সম্পাদক হিসেবেও কাজ করেছেন। প্রতিদিনের বাংলাদেশে যোগ দেওয়ার আগে প্রায় ছয় বছর সমকালে নির্বাহী সম্পাদক এবং সর্বশেষ সাড়ে তিন বছরের বেশি সময় ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক।
সাংবাদিক মুস্তাফিজ শফি ১৯৮৮ সালে সাপ্তাহিক সিলেট সংবাদ ও লন্ডনের সাপ্তাহিক সুরমায় লেখালেখির মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। ১৯৯৪ সালে জাতীয় পর্যায়ে তার সাংবাদিকতা শুরু হয়। মুস্তাফিজ শফি সাংবাদিকতা জীবনের শুরু বিশ্বাসযোগ্য রিপোর্টার হিসেবেই। পরবর্তীতে একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে জাতীয় পর্যায়ে ব্যাপক পরিচিতি ও স্বীকৃতি অর্জন করেন। অনুসন্ধানী সাংবাদিকতায় তিনি দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), রোটারি ইন্টারন্যাশনাল, লায়ন্স ক্লাব ও ইউনেস্কো ক্লাব মিডিয়া অ্যাওয়ার্ড, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য।
তার একাধিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী প্রতিবেদন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। তিনি অতিথি শিক্ষক হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও পাঠদান করে আসছেন। সাংবাদিক হিসেবে তিনি দৈনিক প্রথম আলো, দৈনিক মানবজমিন ও দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি মুস্তাফিজ শফি একজন কবি ও বহুমাত্রিক লেখক। কবিতা, কথাসাহিত্য, গবেষণা ও সাংবাদিকতা বিষয়ক তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় দুই ডজন। ভূতকল্যাণ সমিতি গ্রন্থের জন্য তিনি সিটি ব্যাংক আনন্দ-আলো সাহিত্য পুরস্কার লাভ করেন। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ একাত্তরের বিজয়িনী-এর জন্য তিনি মোবাইল ফোন অপারেটর রবির সম্মাননায় ভূষিত হন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে সংবাদপত্র ব্যবস্থাপনা, সংবাদ পরিবেশনা ও সম্পাদকীয় নীতিনির্ধারণে পেশাদারিত্ব ও দূরদর্শিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মুস্তাফিজ শফি।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “দীর্ঘ সাংবাদিকতা জীবনে আমি সবসময় পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছি। সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। ‘দায়িত্বশীলদের দৈনিক’—এই স্লোগান ধারণ করে এগিয়ে চলা দেশ রূপান্তর-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। সততা, পেশাদারিত্ব ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্বাধীন, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সাংবাদিকতার ধারাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো।”
উল্লেখ্য, রূপায়ণ গ্রুপের অর্থায়নে ‘দায়িত্বশীলদের দৈনিক’ স্লোগান নিয়ে ২০১৮ সালে দেশ রূপান্তর পত্রিকার যাত্রা শুরু হয়। ধারাবাহিকভাবে সাড়া জাগানো অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে পত্রিকাটি পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। প্রিন্ট সংস্করণের পাশাপাশি পত্রিকাটির অনলাইন ও ইউটিউব চ্যানেলও উল্লেখযোগ্য জনপ্রিয়তা পেয়েছে।





