জানাজা নামাজের সময় নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক : ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এক্মি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। শুক্রবার গভীর রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবদুস সালাম আজাদ। শনিবার সকালে তিনি জানান, মিজানুর রহমান সিনহা দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং শুক্রবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
মিজানুর রহমান সিনহার মেয়ে এক্মি উপ-ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা ফেইসবুকে তার বাবার মৃত্যুর খবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে রাত ২টা ৪৭ মিনিটে মিজানুর রহমান সিনহা মারা গেছেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন মিজানুর রহমান সিনহা। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে সেখানে মনোনয়ন পান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম আজাদ।
মিজানুর রহমান সিনহা ১৯৯৬ সালে সপ্তম এবং ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন।
মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। ডহুরী গ্রামে অবস্থিত তাদের পৈতৃক বাসস্থান ‘সিনহা হাউজ’ দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের একটি অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। তার মা নূরজাহান সিনহার অনুপ্রেরণায় তার বাবা হামিদুর রহমান সিনহা ১৯৫৪ সালে এক্মি ল্যাবরেটরিজ প্রতিষ্ঠা করেন। মিজানুর রহমানের শৈশব কেটেছে কলকাতায়। পরে তিনি নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৬৪ সালে হাবিব ব্যাংকে চাকরির মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। বাবার মৃত্যুর পর ১৯৭৫ সালে তিনি এক্মি ল্যাবরেটরিজে যোগ দেন।
১৯৮১ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত মিজানুর রহমান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি সিনহা নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিনহা নিট অ্যান্ড ডেনিমস লিমিটেড, কালিয়ার প্যাকেজিং লিমিটেড, কালিয়ার রেপ্লিকা লিমিটেড এবং একমি ওভারসিজ ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সিনহা প্রিন্টার্স লিমিটেড, দি একমি অ্যাগ্রোভেট অ্যান্ড বেভারেজেস লিমিটেড এবং একমি কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের পরিচালক ছিলেন।
মিজানুর রহমান ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত হন। সরকারি তোলারাম কলেজে পড়াশোনার সময় ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে তিনি জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন। সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে মরহুম মিজানুর রহমান সিনহার জানাজা নামাজের সময় নির্ধারণ করা হয়েছে।
১৭ মে রবিবার:
১) প্রথম জানাজা বেলা ১১ টায় সংসদ ভবনের দ:ক্ষিন প্লাজায় অনুষ্ঠিত হবে। সকাল দশটার মধ্যে পৌঁছাতে হবে।
২) দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে ধামরাই কারখানায় বাদ জোহর
৩) তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর শ্যামলি ক্লাব মাঠে।
১৮ মে:
৪) চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে ১৮ মে বেলা ১০.০০ ঘটিকায় পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে
৫) পঞ্চম জানাজা ১৮ মে লৌহজং বেজগাও কবরস্থান মাঠ প্রাঙ্গণ সময় ১২.০০ ঘটিকায় এবং
৬) ষষ্ঠ ও সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হবে ১৮ মে রোজ সোমবার বাদ আছর বিকাল ৫:১৫ মিনিট কলমা হাই স্কুলের মাঠে।
জানাজা সম্পূর্ণ করে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিষয়টি সকলের অবগতির জন্য জানানো হলো।





