নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে চার বছরের জন্য মাসুদ খানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ সিইও হিসেবেও রয়েছেন। পাশাপাশি বিএসইসির তিনজন নতুন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে।
দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে সকালে বিসএসইসির সদ্য বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেন। বিএসইসিতে নিয়োগ পাওয়া তিনজন কমিশনার হলেন– ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব ও আশা ইন্টারন্যাশনালের পরিচালক (অর্থ) তানভীর হাবিব রহমান।
জানা গেছে, আজ বিকেল তিনটায় সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ও কমিশনারদের একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে আজ সকালে বিএসইসির সদ্য বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং সংস্থাটির চারজন কমিশনার পদত্যাগ করেছেন। তাঁরা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়েই তাঁরা দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। পদত্যাগ করা চার কমিশনার হলেন—মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফউদ্দিন।





