বগুড়ার শাহজাহানপুরে শক্তি দই উৎপাদনে অনিয়মের অভিযোগে গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে এ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। শাজাহানপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত ক
রেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো. রাসেল। তিনি জানান, উপজেলার বেতগাড়ি বনানী এলাকায় অবস্থিত ওই কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির ‘প্লেইন ইয়োগার্ট’ ব্র্যান্ডের শক্তি দইয়ে রঙ ও ফ্লেভার ব্যবহার করা হলেও তা মোড়কের উপাদান তালিকায় উল্লেখ করা হয়নি। এছাড়া ‘ফর্টিফায়েড টক দই’-এ সোডিয়াম ট্রাই পলিফসফেট (এসটিপিপি) ব্যবহার করা হলেও সেটিও মোড়কে ঘোষণা করা হয়নি।
রাসেল জানান, এসটিপিপি রাসায়নিক উপাদান প্রি-ডায়াবেটিস, ডায়াবেটিস, কিডনি রোগি ও শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ রাসায়নিক। এ ছাড়া দই তৈরির মূল উপাদান দুধ পরীক্ষা করে টেট্রাসাইক্লিন, বিটা ল্যাকটাম ও অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া গেছে। অধিকতর পরীক্ষার জন্য নমুনা নিয়ে আসা হয়েছে।





