প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ ডটশপের স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান সুমনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। ১৬ ফেব্রুয়ারি, সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ আদেশ দেন। আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
২০২৪ সালের নভেম্বর মাসে দায়ের করা এ মামলায় অন্য আসামিরা হলেন, ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক শেখ সোহেল রানা, প্রধান নির্বাহী কর্মকর্তা আমানুল্লাহ চৌধুরী এবং পরিচালক জায়েদুল ফিরোজ ও নাজনিন নাহার বিথী।বাদীপক্ষের আইনজীবী গাজী হাসান মাহমুদ জানান, মামলার পর আদালত আসামিদের হাজিরার জন্য সমন জারি করলেও তারা উপস্থিত হননি। পরে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, সম্পত্তি ক্রোক এবং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
প্রধান নির্বাহী কর্মকর্তা আমানুল্লাহ চৌধুরী আত্মসমর্পণ করে জামিন নিলেও অভিযোগ গঠনের দিন আদালতে হাজির হননি। ফলে আদালত তাদের অনুপস্থিতিতেই অভিযোগ গঠন করে পুনরায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।২০২৪ সালের ২১ নভেম্বর গ্রাহক গাজী ফিরোজ কায়ছার বাদী হয়ে মামলাটি করেন।মামলার অভিযোগে বলা হয়, ই-অরেঞ্জ অনলাইনে কম দামে বিভিন্ন পণ্য সরবরাহের বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করত।
ওই প্রলোভনে পড়ে বাদী ২০২১ সালের ২৩ মে থেকে ৩ জুনের মধ্যে তিনটি মোটরসাইকেল ও একটি ল্যাপটপ কেনার জন্য মোট ৫ লাখ ৮৫ হাজার ৭০০ টাকা পরিশোধ করেন। চুক্তি অনুযায়ী ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও তা দেওয়া হয়নি।এছাড়া বারবার যোগাযোগ করেও পণ্য বা টাকা ফেরত না পেয়ে ২০২৪ সালের ১৪ নভেম্বর প্রতিষ্ঠানের কার্যালয়ে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।





