480
ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংসদ নির্বাচনে বীমা শিল্পের ৩ শিল্পপতিই বিজয়ী

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক:
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

## আবদুল আওয়াল মিন্টু, সাঈদ আহমেদ ও ফকরুল ইসলামের জয়
হাওলাদার সবুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন দেশের লাইফ ও নন-লাইফ বীমা খাতের সাবেক ও বর্তমান তিন চেয়ারম্যান-পরিচালক। বিজয়ী এই তিন প্রার্থীই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।

বিজয়ীরা হলেন—ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন আবদুল আওয়াল মিন্টু। তিনি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান। এ আসনে মোট ভোটার ছিল ৫ লাখ ৮ হাজার ১৯৪ জন।

শরীয়তপুর-১ আসনে ৭৭ হাজার ৩৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাঈদ আহমেদ। তিনি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড-এর পরিচালক ও সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর প্রেসিডেন্ট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৯০ হাজার ৩৬১ জন।

নোয়াখালী-৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ ফকরুল ইসলাম। তিনি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর বর্তমান চেয়ারম্যান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলায়েত হোসেন পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৪৫৩ ভোট।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ করা হয়।

আবদুল আওয়াল মিন্টু : আবদুল আওয়াল মিন্টু ফেনী-৩ আসনে নির্বাচন করেন। তিনি ন্যাশনাল ব্যাংকের একজন স্পন্সর ডিরেক্টর এবং বর্তমান চেয়ারম্যান। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সাবেক সভাপতি।

পাশাপাশি তিনি লালতীর সিড লিমিটেড ও নর্থ সাউথ সিড লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ পেট্রোকেমিক্যাল কোম্পানি লিমিটেড, মাল্টিমোড টেক্সটাইল মিলস লিমিটেড এবং মাল্টিসোর্সিং লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবেও যুক্ত রয়েছেন।

ফেনী জেলার আলিয়ারপুর গ্রামে জন্মগ্রহণকারী মিন্টু চট্টগ্রামের মারকেন্টাইল মেরিন একাডেমি থেকে নটিক্যাল সায়েন্সে ডিপ্লোমা অর্জন করেন। তিনি ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক মেরিটাইম কলেজ থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে কৃষি অর্থনীতিতে এমএসসি এবং কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আন্তর্জাতিক ব্যবসা আইনে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।

তিনি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগে সক্রিয়। নিজ জন্মস্থানে ইকবাল মেমোরিয়াল কলেজ প্রতিষ্ঠা তাঁর উল্লেখযোগ্য উদ্যোগগুলোর একটি। তিনি “বাংলাদেশ: এনাটোমি অব চেঞ্জ” গ্রন্থের রচয়িতা; বইটি লন্ডনের অ্যাথেনা প্রেস থেকে প্রকাশিত।

সাঈদ আহমেদ: সাঈদ আহমেদ গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক ও সাবেক চেয়ারম্যান। তিনি ২০২৫-২০২৬ মেয়াদে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট।

তিনি বাংলাদেশ চেক টেকনোলজি লিমিটেড, পিউরিটি ফুডস লিমিটেড এবং গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়া ভ্যানটেজ সিকিউরিটিজ লিমিটেড, সিটি হোমস লিমিটেড ও আলতায়ের ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান।

তিনি আহমেদ শিপিং লাইন্স, আহমেদ ইনল্যান্ড শিপিং এজেন্সি, এ কে ইন্টারন্যাশনাল এবং আহমেদ এয়ারওয়েজ সার্ভিসেসের স্বত্বাধিকারী। তিনি পদ্মা ব্যাংক লিমিটেড (সাবেক ফারমার্স ব্যাংক লিমিটেড)-এর সাবেক ইসি চেয়ারম্যান ও স্পন্সর শেয়ারহোল্ডার। এছাড়া বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মোহাম্মদ ফকরুল ইসলাম: মোহাম্মদ ফকরুল ইসলাম নোয়াখালী-৫ আসনে নির্বাচন করেন। তিনি নোয়াখালী জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনের শুরুতে তিনি পোশাকশিল্প, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, মেডিকেয়ার ব্যবসাসহ বিভিন্ন খাতে সফলভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন।

তিনি মেট্রো হোমস ডেভেলপমেন্ট, মেট্রো হোমস লিমিটেড, মেট্রো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, মেট্রো বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেড এবং মেট্রো বিল্ডিং ম্যাটেরিয়ালস অ্যান্ড ট্রেডিং এলএলসি (সংযুক্ত আরব আমিরাত)-এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া গার্ডেন ভিউ কনসোর্টিয়াম লিমিটেড, মেট্রো শপিং মল ও অর্কিড প্লাজার চেয়ারম্যান এবং বরিশাল সিটি স্ক্যান সেন্টার লিমিটেডের পরিচালক।

তিনি বিভিন্ন সামাজিক ও অলাভজনক সংগঠনের সঙ্গে যুক্ত। বর্তমানে কোম্পানীগঞ্জ ফোরাম (ঢাকা)-এর সভাপতি, নোয়াখালী ফোরাম (ঢাকা)-এর সহ-সভাপতি, মেট্রো ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুল (বাশুরহাট)-এর ট্রাস্টি ও সহ-সভাপতি।

এছাড়া তিনি ধানমন্ডি ক্লাবের আজীবন সদস্য, নোয়াখালী জেলা সমিতি (ঢাকা)-এর আজীবন সদস্য এবং নোয়াখালী রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য। তিনি ঢাকা সাউথ ডেভেলপার ফোরামের সভাপতিও নির্বাচিত হয়েছেন।