প্রতিবাদ বিজ্ঞপ্তি (বিজ্ঞাপন)
বরাবর
সম্পাদক
উদ্যোক্তা বাংলাদেশ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
৫৬ পুরানা পল্টন, ঢাকা–১০০০।
বিষয়: প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি
মহোদয়,
আপনার পত্রিকায় গত ১৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে প্রকাশিত ‘একমি এমডি এবং কন্যার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ’ শিরোনামের সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রতিবেদনে জনাব মিজানুর রহমান সিনহা ও তাঁর কন্যা তাসনিম সিনহা–র বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। এ ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে তাঁদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও পেশাগত সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন করা হয়েছে। দীর্ঘদিন ধরে ব্যবসায়িক অঙ্গন ও সামাজিক পরিমণ্ডলে অর্জিত তাঁদের গ্রহণযোগ্যতা ও মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা হিসেবে আমরা এ সংবাদকে বিবেচনা করছি। অতএব, উক্ত সকল অভিযোগ আমরা সুস্পষ্টভাবে অস্বীকার করছি।
এখানে উল্লেখ্য যে, জনাব মামুন আর রশিদ মহামান্য হাইকোর্ট বিভাগের কোম্পানি বেঞ্চে একটি মামলা দায়ের করেন, যেখানে উত্থাপিত অভিযোগসমূহ সংবাদে প্রকাশিত অভিযোগের সঙ্গে অভিন্ন। উক্ত মামলার শুনানিকালে তিনি তাঁর অভিযোগের পক্ষে যথাযথ প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হলে মহামান্য আদালত তাঁর আবেদন খারিজ করেন। তবে, কোম্পানির শেয়ার সংক্রান্ত মূল বিষয়টি এখনো বিচারাধীন রয়েছে।
যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন, সেহেতু এ ধরনের অমীমাংসিত বিষয়ে বিভ্রান্তিকর, মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ মামলার ন্যায়বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। উপরোক্ত পরিস্থিতির আলোকে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশে আপনার সম্মানিত পত্রিকার পক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
এই প্রতিবাদলিপিটি আপনার স্বনামধন্য পত্রিকায় প্রকাশের জন্য সদয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদান্তে
আপনার বিশ্বস্ত
তাসনিম সিনহা
ব্যবস্থাপনা পরিচালক
কালিয়ার প্যাকেজিং লিমিটেড
তারিখ: ১৫ জানুয়ারি ২০২৬ ইং





