দেশে নিজস্ব কারখানায় উন্নত প্রযুক্তির ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক পাখা তৈরি করছে বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন ফ্যানের গুণগতমান অনেক ভালো হওয়ায় দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। এরই ধারাবাহিকতায় চলতি মাসে ভারতের পশ্চিমবঙ্গে ৫০ লাখ টাকা মূল্যের ফ্যান রপ্তানি করছে ওয়ালটন। এর মধ্য দিয়ে ভারতের বাজারে ওয়ালটন পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণে আরেকটি নতুন মাইলফলক অর্জন করেছে ওয়ালটন।
ওয়ালটন ফ্যানের গ্লোবাল বিজনেস অপারেশন বিভাগের প্রধান আব্দুল লতিফ জানান, ২০২২ সাল থেকে ওয়েস্ট বেঙ্গলে ফ্যান রপ্তানি করছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় চলতি মাসে পশ্চিমবঙ্গে মোট ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন। রপ্তানীকৃত ফ্যানের মধ্যে রয়েছে স্ট্যান্ড ফ্যান, টেবিল ফ্যান ও টর্নেডো ফ্যান। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান, মালদহ, শিলিগুড়ি, বারাসাত, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ডিলার এসব ফ্যান নিয়েছেন।





