নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে আগামী সোমবার থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে। ঈদের আগে সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা চালু থাকলেও আজ সোমবার থেকে সব ব্যাংকে নিয়মিত লেনদেন চলবে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও স্বাভাবিক লেনদেন পুনরায় শুরু হবে।
এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রা শুরু হয়েছে। শনিবার ও রোববার দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। ফলে রাজধানীর সড়কগুলোতেও ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। তবে প্রতি বছরের মতো এবারও ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মব্যস্ততা তুলনামূলক কম থাকতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। অনেক কর্মী সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সময় কাটান এবং অনেক প্রতিষ্ঠানও প্রথম দিন সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করে।
ব্যাংকপাড়ায় প্রথম কর্মদিবসে সাধারণত জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনের চাপ কম থাকে। তবে ঈদের ছুটিতে জমে থাকা আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রম নিষ্পত্তির তাগিদে সপ্তাহজুড়ে ব্যস্ততা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকে রাজধানীসহ সারা দেশের প্রশাসনিক, আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করবে। এবার ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেছেন। দীর্ঘ এই বিরতি শেষে সোমবার থেকে লাখো চাকরিজীবী নিজ নিজ কর্মস্থলে ফিরবেন।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)