বিদ্যুৎচালিত স্কুলবাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২৭ এপ্রিল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন (এসআরও) জারি করে এনবিআর। এতে বলা হয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ইলেক্ট্রিক বাস আমদানিতে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক, আগাম কর (এটি) এবং অগ্রিম আয়করসহ সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান নিজে কিংবা প্রতিষ্ঠানের পক্ষে অন্য কোনো সংস্থা শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে এসব বাস আমদানি করলেও একই সুবিধা প্রযোজ্য হবে। তবে এসব বাসের রং হতে হবে হলুদ এবং ‘স্কুল’, ‘কলেজ’ বা ‘স্টুডেন্ট বাস’ শব্দগুলো স্পষ্টভাবে দৃশ্যমানভাবে লিখতে হবে।
এছাড়া, কোনো ধরনের শুল্ক-কর পরিশোধ ছাড়াই বাস আমদানির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এনবিআরে আবেদন করলে ১০ কার্যদিবসের মধ্যে আবেদন নিষ্পত্তি করা হবে বলেও জানানো হয়েছে।
এনবিআর জানায়, এ সিদ্ধান্তের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম খরচে আধুনিক ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারবে। একই সঙ্গে অধিকসংখ্যক শিক্ষার্থীর যাতায়াত নিশ্চিত হওয়ায় সড়কে যানজট কমবে, জ্বালানি সাশ্রয় হবে এবং অভিভাবকদের পরিবহন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমবে।
শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ যাত্রীদের জন্য পরিচালিত বাস আমদানিতেও শুল্ক-কর কমানোর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে এনবিআর। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমে গিয়ে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন হবে, পাশাপাশি জ্বালানি সাশ্রয় ও যাতায়াত ব্যয় হ্রাস পাবে বলে মনে করছে সংস্থাটি।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)