জ্যেষ্ঠ প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমানো এবং বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি করতে ৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। ই-অকশন পদ্ধতিতে চলতি মাসজুড়ে এসব পণ্য বিক্রির কার্যক্রম পরিচালনা করা হবে। কাস্টমস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে অখালাসকৃত পণ্য জমে থাকার কারণে কন্টেইনার জট তৈরি হয়। এতে নিরাপত্তা ঝুঁকি, ভৌত ও আর্থিক ক্ষতির আশঙ্কা এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় ঘটে। এসব সমস্যা নিরসনে নিয়মিতভাবে নিলাম কার্যক্রম পরিচালনা করে আসছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
এর ধারাবাহিকতায় জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ নং- ৮২/২০২৫/কাস্টমস অনুযায়ী ই-অকশন-২/২০২৬ এর আওতায় ৪৯টি লটে মোট ১৮০ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, মেশিনারিজ, প্লাস্টিক স্ক্র্যাপ, আর্ট পেপার, বিটুমিন, ফেব্রিক্স, হাউজহোল্ড আইটেমস এবং গাড়ির যন্ত্রাংশসহ নানা সামগ্রী। এসব পণ্যচালানের ক্ষেত্রে কোনো সংরক্ষিত মূল্য (Reserved Value) নির্ধারণ করা হয়নি।
অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের স্থায়ী আদেশ নং- ৯১/কাস্টমস/২০২৫/১২৩ অনুযায়ী ই-অকশন-৩/২০২৬ এর আওতায় ৭৪টি লটে মোট ১৯৮ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে। এতে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, মেটাল স্ক্র্যাপ, ক্রাফট লাইনার পেপারসহ অন্যান্য পণ্য।
নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। মার্চ মাসজুড়ে আগ্রহী বিডারদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে এবং অনলাইনে দরপত্র জমা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
আগ্রহী ক্রেতারা বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে (http://auction.nbr.gov.bd/auction/301) নিবন্ধন করে ঘরে বসেই অনলাইনে দরপত্র জমা দিতে পারবেন। তবে অনলাইন বিডের পাশাপাশি জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১–২০২৪ এর শর্তাবলি অনুসরণ করে পণ্য খালাস করতে হবে।
জানা গেছে, ই-অকশন-২/২০২৬ এর দরপত্র বাক্স আগামী ৩১ মার্চ ২০২৬দুপুর ২টায় এবং ই-অকশন-৩/২০২৬ এর দরপত্র বাক্স ৮ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ২টায় খোলা হবে।
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসন এবং বন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে এ ধরনের নিলাম কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)