বাংলার গৌরব ডেস্ক :বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) প্রায় দুই মাস আগে বাংলাদেশ ব্যাংক–এর নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানের মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানার ৮৬ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফশিল করে। কেন্দ্রীয় ব্যাংকের খেলাপি ঋণ পুনঃতফশিল নীতির আওতায় ২ শতাংশ এককালীন অর্থ পরিশোধের পর হেরা সোয়েটার্স লিমিটেডের ঋণটি নবায়ন করা হয়। বিষয়টি সম্পর্কে অবগত এমটিবির একজন শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঋণ পুনঃতফশিলের তথ্য নিশ্চিত করেছেন। নতুন গভর্নর হিসেবে তৈরি পোশাক খাতের উদ্যোক্তা এবং হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোস্তাকুর রহমানের নাম ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে ঋণখেলাপি হিসেবে নিয়ে আলোচনা শুরু হয়। পরে অনুসন্ধানে জানা যায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) থেকে নেওয়া ঋণ নির্ধারিত সময়ে পরিশোধ না করায় তার প্রতিষ্ঠান হেরা সোয়েটার্স খেলাপি হয়ে পড়ে। বুধবার অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর–কে সরিয়ে ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর হিসেবে দায়িত্ব দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার, যার নেতৃত্বে রয়েছেন তারেক রহমান। বাংলাদেশের ইতিহাসে ব্যাংকার, অর্থনীতিবিদ ও আমলার বাইরে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নরের দায়িত্ব দেওয়া হয়। অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থী ও এফসিএমএ করা মোস্তাকুর ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন তিনি। এমটিবি ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ১০ বছর মেয়াদে হেরা সোয়েটার্সের ওই ঋণ পুনঃতফসিল করা হয়; যা বেশ কিছু সময় ধরে যথাসময়ে পরিশোধ না করায় ‘মন্দ’ বা খেলাপির তালিকায় ছিল। তারা বলেন, গত ডিসেম্বরে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিলের সময় ৮৬ কোটি টাকার খেলাপি ঋণটি পুনঃতফশিল করা হয়। এমটিবির এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, নিয়মিত ক্রয়াদেশ না পাওয়ায় রপ্তানিমুখী প্রতিষ্ঠান হেরা সোয়েটার্স নির্ধারিত সময়ে ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারছিল না। তবে রপ্তানি বাড়ানোর সক্ষমতা প্রতিষ্ঠানটির রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বাংলাদেশ ব্যাংকের নীতিগত সহায়তার আওতায় জারি করা সার্কুলার অনুযায়ী প্রতিষ্ঠানটি ঋণ পুনঃতফশিলের আবেদন করে এবং ২ শতাংশ এককালীন অর্থ পরিশোধের প্রস্তাব দেয়, যা পরিচালনা পর্ষদ অনুমোদন করে। ওই কর্মকর্তা আরও বলেন, কারখানার আকার বড় হলেও সে অনুপাতে কাজ না পাওয়ায় কোম্পানিটি সময়মতো কিস্তি পরিশোধে ব্যর্থ হয়। ফলে সুদ ও আসল মিলিয়ে ঋণের পরিমাণ বেড়ে একপর্যায়ে তা খেলাপিতে পরিণত হয়।
বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, ২০২৫ সালের সেপ্টেম্বরে খেলাপি ঋণ পুনঃতফসিল করতে নীতি সহায়তা দিয়ে নতুন সার্কুলার দেয়। সেই আলোকে এমটিবির ঋণটি হেরা সোয়েটার্সের এমডি মোস্তাকুর রহমান নবায়ন করে নেন। ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসায় ও আর্থিক অবস্থা পুনর্গঠনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গত সেপ্টেম্বরের নীতি সহায়তার আওতায় এটি পুনঃতফসিল করা হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ওই সময়ে ডিসেম্বরের মাঝামাঝিতে হেরা সোয়েটার্সের ওই ঋণ পুনঃতফশিলের তথ্য দেন এমটিবির কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের সেপ্টেম্বরে এবং নভেম্বরের ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে আগের চেয়ে ছাড় দিয়ে সার্কুলার করে। নভেম্বরে দ্বিতীয় দফার সার্কুলারে আগের চেয়ে শর্ত আরও শিথিল করা হয়। এতে বলা হয়, ৩০ নভেম্বর পর্যন্ত খেলাপি থাকা ঋণ সর্বোচ্চ ১০ বছর মেয়াদে পুনঃতফসিল করা যাবে, যেখানে সর্বোচ্চ দুই বছরের গ্রেস পিরিয়ড রাখা যাবে। এরপর গত ২২ ফেব্রুয়ারি এককালীন পরিশোধ ২ শতাংশের বদলে ১ শতাংশ পরিশোধ করে আবার ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক। আর নবায়ন করার পরবর্তী ছয় মাসের মধ্যে আরও ১ শতাংশ অর্থ পরিশোধের শর্ত জুড়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)