পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি কৃষিবিদ সিড লিমিটেডের আর্থিক প্রতিবেদনে উল্লেখিত মজুদ পণ্য ও স্থায়ী সম্পদের সত্যতা পায়নি সংশ্লিষ্ট নিরীক্ষক। একইসঙ্গে কোম্পানিটিতে দীর্ঘদিন ধরে গ্রাহকদের থেকে টাকা আদায় করতে পারছে না। ফলে কোম্পানিটির ব্যবসায়ে লোকসানের ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করছে নিরীক্ষক।
কোম্পানিটির সর্বশেষ ২০২৫ সালের ৩০ জুন নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে নিরীক্ষক এমন মন্তব্য করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির আর্থিক হিসাবে ২০২৫ সালের ৩০ জুন দেখানো মজুদ পণ্যের অস্তিত্ব, উৎপাদিত পণ্যের ব্যয় ও উৎপাদন প্রক্রিয়ায় থাকা পণ্যের ব্যয়ের বিষয়ে তারা নিশ্চিত হতে পারেননি। কারণ তাদেরকে এসব বিষয়ে বিস্তারিত প্রমাণাদি কোম্পানিটির পক্ষ দেওয়া হয়নি।
কোম্পানি কর্তৃপক্ষ তাদের আর্থিক হিসাবে ২৯ কোটি ৯৮ লাখ টাকার স্থায়ী সম্পদ দেখিয়েছে। তবে ওই সম্পদ কেনার তারিখ, ব্যয়, অবচয় হার, অবচয় শেষে মূল্য ইত্যাদি বিষয়ে ফিক্সড অ্যাসেট রেজিস্টার নিরীক্ষককে দিতে পারেনি। ফলে স্থায়ী সম্পদের মূল্যের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে মন্তব্য করেছেন নিরীক্ষক।
এদিকে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে দীর্ঘদিন ধরে পাওনা টাকা আদায় হচ্ছে না। এতে করে লোকসানের ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।
কৃষিবিদ সিড লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২২ সালে। কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ৩০ কোটি টাকা। এর মধ্যে ৬২.৫০ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)