সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি চলছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার পর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ লটারি প্রক্রিয়া শুরু হয়। এতে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
অনুষ্ঠানে জানানো হয়, দুপুর ২টার পর তাদের ফল প্রকাশ করা হবে। যারা আবেদন করেছে তাদের দেওয়া মুঠোফোনের ক্ষুদেবার্তার মাধ্যমে ফল জানানো হবে।
মাউশির মাধ্যমিক বিভাগের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৫০ শতাংশ সরকারি স্কুলের লটারি শেষ হয়েছে। আর ১৭ শতাংশ বেসরকারি স্কুলের লটারি হয়েছে। এটি শেষ হওয়া পর দুপুর ২টার দিকে ফল প্রকাশ করা হতে পারে।
লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা এই লিংক (https://gsa.teletalk.com.bd) থেকে আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবেন। ফলাফল ডাউনলোড করতে শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
ডাউনলোডকৃত ফলাফল পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানপ্রধানদের তা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে (E-mail) পাঠাতে হবে এবং মাউশিকে অবহিত করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা আহ্বান করে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক ভর্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মাউশি জানায়, গত ২১ নভেম্বর থেকে অনলাইনে স্কুলে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়। যা শেষ হয় ৫ ডিসেম্বর বিকেল ৫টায়। নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে আবেদন করেছে মোট ১০ লাখ ৫৬ হাজার ৫৪ জন শিক্ষার্থী। ২০২৬ শিক্ষাবর্ষে চার হাজার ৪৮টি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি গ্রহণ করা হবে। এর মধ্যে সরকারি স্কুল ৬৮৮টি এবং বেসরকারি স্কুল তিন হাজার ৩৬০টি।
অন্যদিকে, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে শূন্য আসন রয়েছে মোট ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। সরকারি স্কুলে শূন্য আসন ১ লাখ ২১ হাজার ৩০টি হলেও আবেদন জমা পড়েছে ৭ লাখ ১৯ হাজার ৮৫৪টি। প্রতি আসনে গড়ে প্রায় ছয়জন করে আবেদনকারী। অন্যদিকে বেসরকারি স্কুলে শূন্য আসন ১০ লাখ ৭২ হাজার ২৫১টি। এর বিপরীতে আবেদন করেছে ৩ লাখ ৩৬ হাজার ১৯৬ জন শিক্ষার্থী। ফলে সব শিক্ষার্থী সুযোগ পেলেও ৭ লাখ ৩৬ হাজারের বেশি আসন শূন্যই থেকে যাবে।
ফল জানা যাবে যেভাবে: শিক্ষার্থী ও অভিভাবকদের লটারির ফল জানতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যাওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে মাউশি। লটারির প্রক্রিয়া শেষ হলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইট থেকে ফল ডাউনলোড করার পর প্রতিষ্ঠানপ্রধানরা তা জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে পাঠিয়ে মাউশিকে অবহিত করবেন। এরপর ভর্তি কমিটির বৈঠক ডেকে নিয়ম মেনে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)