নিজস্ব প্রতিবেদক : বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি টানা নিম্নমুখী অবস্থায় রয়েছে। চলতি অর্থবছরের (২০২৫–২৬) দ্বিতীয় মাস আগস্টে এই প্রবৃদ্ধি নেমে এসেছে ৬ দশমিক ৩৫ শতাংশে। যা আগের মাস জুলাইয়ে ছিল ৬ দশমিক ৫২ শতাংশ এবং গত বছরের একই সময়ে ছিল ৯ দশমিক ২০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, ২০২৪–২৫ অর্থবছরজুড়েই বেসরকারি ঋণের চাহিদা ছিল নিম্নমুখী, আর নতুন অর্থবছরেও সেই ধারা অব্যাহত রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বেসরকারি খাতে ঋণের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। চলতি বছরের জুন পর্যন্ত প্রবৃদ্ধির লক্ষ্য ছিল প্রায় ১০ শতাংশ, কিন্তু বাস্তবে অর্জিত হয়েছে মাত্র সাড়ে ৬ শতাংশের মতো। সরকারি খাতেও লক্ষ্যমাত্রার তুলনায় ঋণ প্রবৃদ্ধি কিছুটা কম দেখা গেছে।
অর্থনীতিবিদদের মতে, অর্থনৈতিক গতি শ্লথ থাকায় বিনিয়োগে নতুন আগ্রহ তৈরি হচ্ছে না। এ কারণে ঋণগ্রহণও কমে গেছে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. মির্জ্জা এ বি আজিজুল ইসলাম বলেন, ‘দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এখনো স্থিতিশীল হয়নি। নতুন বিনিয়োগ না হওয়ায় ঋণের চাহিদাও বাড়ছে না। দীর্ঘদিন ধরে বেসরকারি খাতের বিনিয়োগ জিডিপির ২২–২৩ শতাংশের মধ্যে আটকে আছে। এই ধারা অব্যাহত থাকলে উৎপাদন ও কর্মসংস্থান দুটিই ব্যাহত হবে, ফলে সরকারের প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে।’
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাইয়ে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ১৩ শতাংশ। কিন্তু সরকার পরিবর্তনের মাস আগস্টে তা নেমে আসে ৯ দশমিক ৮৬ শতাংশে। এরপর সেপ্টেম্বর থেকে জুন পর্যন্ত ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি কমতে থাকে—অক্টোবরে ৮ দশমিক ৩০, নভেম্বর ও ডিসেম্বরে যথাক্রমে ৭ দশমিক ৬৬ এবং ৭ দশমিক ২৮ শতাংশ, জানুয়ারিতে ৭ দশমিক ১৫, ফেব্রুয়ারিতে ৬ দশমিক ৮২, মে মাসে নেমে আসে ৭ দশমিক ১৭ শতাংশে। অর্থবছরের শেষ মাস জুনে প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৪৫ শতাংশ, আর চলতি অর্থবছরের জুলাইয়ে ৬ দশমিক ৫২ শতাংশ।
অর্থনীতিবিদরা বলছেন, সুদের হার বাড়া, আমদানি নিয়ন্ত্রণ, রাজনৈতিক অনিশ্চয়তা এবং মুদ্রাস্ফীতির চাপ মিলিয়ে বেসরকারি খাতে নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি হয়নি। এর ফলে ব্যাংকগুলোর ঋণ বিতরণ কমেছে এবং অর্থনীতির গতি মন্থর হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)